মেলান্দহে পুলিশের অভিযানে বস্তাভর্তি গাঁজা উদ্ধার

মেলান্দহে পুলিশের অভিযানে বস্তাভর্তি গাঁজা উদ্ধার

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ কেজি গাঁজা ফেলে পালিয়েছেন একদল মাদক কারবারি। 

বুধবার (১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দুরমুট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মেলান্দহ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ছিল যে দুরমুট উত্তরপাড়া এলাকায় একটি বসতঘরে মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি দল রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারিরা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তাটি তল্লাশি করে তিনটি পুটলায় রাখা মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। পলাতক নামধারী আসামিরা হলেন:

  • মো. হৃদয় (২৫)

  • মো. জীবন (২১)

  • মো. ময়না (২৫)

সবাই দুরমুট উত্তরপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, "পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় তরুণদের কাছে সরবরাহ করে আসছিল। মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"

এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন