প্রতীক পেয়েই ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা
বিশেষ প্রতিনিধি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামেন বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে প্রতীক পেয়েই শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে প্রচার শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা করতেই জনগণ ধানের শীষে ভোট দেবে। গণসংযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই দিন বিকেলে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মাধ্যমে প্রচারণায় নামেন জামায়াত সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন। এর আগে শহরে একটি বিশাল মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা। জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, সন্ত্রাস ও দুর্নীতিরোধে এলাকার মানুষ তাকেই বেছে নেবে। প্রচারণায় জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি ও জামায়াত ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীরা এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এআইএল/সকালবেলা