কয়রায় দুই সার ডিলারকে জরিমানা
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় কৃত্রিম সংকট তৈরি ও সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে যৌথ অভিযানে দুই ডিলারকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কৃষি দপ্তরের নিয়মিত তদারকির অংশ হিসেবে অপরাধের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস এবং উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন।
কৃষি দপ্তর জানায়, ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে কয়রা বাজারের বিএডিসি ডিলার মেসার্স মিলন এন্ড মনিষ কৃষি বিতানের মালিক মিলন কুমার মণ্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন অপর এক অভিযানে হায়াতখালী বাজারের মেসার্স রিজিয়া স্টোরের মালিক মো. কামরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে উভয়কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রতিটি ব্লকে সারের সঠিক সরবরাহ ও বিক্রয়মূল্য তদারকি করা হচ্ছে। কৃষকদের স্বার্থ সুরক্ষায় এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা