বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা
সাঈদ পান্থ (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের মইনখালি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে আটজনকে আটক করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে প্রত্যেকের তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মইনখালি এলাকায় কারখানা নদী ও পাণ্ডব নদীর মোহনায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে। নদী থেকে অনিয়মতান্ত্রিকভাবে বালু ড্রেজিং ও সংলগ্ন পাড় থেকে মাটি কাটার অপরাধে আটজনকে হাতেনাতে আটক করে তাৎক্ষণিক জরিমানার নির্দেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল জানান, নদী রক্ষা ও সার্বিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা