ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা সহায়তার অংশ হিসেবে ৬৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ, পাটের বীজ, তিলের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কৃষকদের হাতে উন্নত মানের উফশী আউশ ধানের বীজ, পাট ও তিলের বীজ এবং প্রয়োজনীয় সার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, "দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে বর্তমান সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন খরচ কমানো, অধিক ফলন নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সরকার বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার সরবরাহ করছে।" তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবাদ বৃদ্ধি এবং পতিত জমি চাষের আওতায় আনার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও এ টি এম আরিফ বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উন্নয়ন নিশ্চিত করতে সরকারি সহযোগিতার পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি বিভাগের কার্যক্রম জোরদার করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, আউশ মৌসুমে আবাদ বৃদ্ধি ও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে নির্বাচিত কৃষকদের মাঝে এই উপকরণগুলো বিতরণ করা হয়েছে। এ সহায়তার মাধ্যমে কৃষকরা স্বল্প খরচে আবাদ করতে পারবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
বিনামূল্যে সরকারি সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, বর্তমান বাজারে বীজ ও সারের যে চড়া দাম, তাতে এই সরকারি প্রণোদনা তাদের আউশ ও পাট আবাদে নতুনভাবে উৎসাহিত করবে। সরকারের এই ধরনের সহায়তা অব্যাহত থাকলে তারা কৃষিতে আরও স্বাবলম্বী হতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ