ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম (এমপি) বলেছেন, দেশে বর্তমানে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই। সরকার পরিস্থিতি মোকাবিলায় আগাম তিন মাসের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে সরকার কিছু কঠোর ও কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
সন্ধ্যা ৬টার মধ্যে সব বাজার ও বিপণিবিতান বন্ধ রাখা।
মন্ত্রী ও সচিবদের দাপ্তরিক ও ব্যক্তিগত ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।
বিগত সরকারের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, "গত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান ও টেকসই উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই জরাজীর্ণ বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।"
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "বাজারের সার্বিক উন্নয়নের জন্য জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।"
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু (এমপি), টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ