ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নলকা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির বাসটি সড়কের আইল্যান্ড বা ডিভাইডারে সজোরে ধাক্কা খেয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারান এবং বাসের ভেতরে থাকা অন্তত ১০ জন গুরুতর আহত হন।
খবর পাওয়ার পরপরই বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু ব্রিজ পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ অব্যাহত রয়েছে।"
দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ