নাটোরে যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ ২ জন আটক

নাটোরে যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ ২ জন আটক

আরিফুল ইসলাম, নাটোর: নাটোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুরে শহরের একটি হোটেলের সামনে কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী একটি বাসে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন— মোহাম্মদ লিটন আলীশরিফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় ওই দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয় এবং সেখান থেকে প্রায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিমউদ্দিন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই ঝটিকা অভিযান চালাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মাদক পরিবহনের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই তাদের আদালতে সোপর্দ করা হবে।”

অভিটনস্থলে উপস্থিত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “নাটোর জেলাকে মাদকমুক্ত করতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন