ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্টাফ রিপোর্টার: নওগাঁর পোরশায় সড়ক অবরোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মোস্তাক আহমেদ (৪৬), সাপাহার উপজেলার খোট্টাপাড়া গ্রামের আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৩১ মার্চ রাতে পোরশা থানার সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড় সংলগ্ন একটি ব্রিজের ওপর রশি টেনে সড়ক অবরোধ করে ডাকাতরা। তারা চারটি মোটরসাইকেলের আরোহী মোট ছয়জনকে জিম্মি করে পাশের একটি আমবাগানে নিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি ১২৫ সিসির মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়।
পুলিশ সুপার আরও জানান, মামলার মাত্র ১৪ ঘণ্টার মধ্যে তথ্য-প্রযুক্তির সহায়তায় বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতিতে ব্যবহৃত রামদা ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ