ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মালপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা টুলি বেগম। বয়সের ভার আর সংসারের অভাব-অনটনকে জয় করে জীবনযুদ্ধে লড়ে যাচ্ছিলেন এই অদম্য নারী। সন্তানরা খোঁজ না নিলেও দমে যাননি তিনি; অন্যের অটোরিকশা চালিয়েই চালাতেন নিজের সংসার। টুলি বেগমের এই জীবনসংগ্রামের গল্প গণমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল সম্প্রতি টুলি বেগমের ঠিকানায় পৌঁছে যায়। তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টুলি বেগমের হাতে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা এবং নগদ আর্থিক সহায়তা তুলে দেন। দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনি আর অনিশ্চয়তার মাঝে এই উপহার টুলি বেগমের জীবনে আশার প্রদীপ হয়ে এসেছে।
সহায়তা পেয়ে অশ্রুসিক্ত নয়নে টুলি বেগম বলেন, “আমি ভাষায় বোঝাতে পারব না কতটা খুশি হয়েছি। এই রিকশাটা আমার জীবনের অনেক বড় অবলম্বন। আমি প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করি, আল্লাহ যেন তাকে অনেক বড় করেন এবং ভালো রাখেন।”
প্রতিনিধি দলের সদস্যরা জানান, টুলি বেগমের মতো সারা দেশের অবহেলিত ও লড়াকু মানুষের পাশে দাঁড়ানোই প্রধানমন্ত্রীর লক্ষ্য। স্থানীয় নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একজন অসহায় মায়ের পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত সমাজে মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে।
টুলি বেগমের এই নতুন স্বপ্নযাত্রার গল্প এখন রাজশাহীর সাধারণ মানুষের মুখে মুখে। প্রধানমন্ত্রীর এমন মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ