রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে মোট ৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভেন্যুগুলো হলো— বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২)। বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ‘বি’ ইউনিটে মোট ২,৮৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৩৮৫ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৮২.৭৩ শতাংশ

ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও ক্লাবসমূহ সক্রিয় ছিল। শাহজাদপুরে প্রবেশের পর থেকেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য দিকনির্দেশনামূলক ব্যানার ও ভলান্টিয়ারদের তৎপরতা চোখে পড়েছে। অভিভাবকদের বসার জন্য প্যান্ডেল ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল টিমের পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং যেকোনো জরুরি স্বাস্থ্যসেবায় মেডিকেল টিম নিয়োজিত ছিল।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, “অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এজন্য আমি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শাহজাদপুরবাসীকে ধন্যবাদ জানাই।” তিনি আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এ’ ইউনিটের পরীক্ষা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, শুক্রবার (৩ এপ্রিল) সারাদেশে গুচ্ছভুক্ত মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি কেন্দ্রের মাধ্যমে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ২৭ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের গুচ্ছ ভর্তি যুদ্ধ শেষ হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন