পাটওয়ারীর নোংরা কথার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি: রাশেদ খাঁন
সকালবেলা ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নিজের দেওয়া আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পাটওয়ারীর ব্যবহৃত ভাষার জবাব দিতে গিয়ে একই ধরনের ভাষা ব্যবহার করা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে রাশেদ খাঁন বলেন, অতীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের নিয়ে পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি অসাবধানতাবশত একটি মন্তব্য করেছিলেন। যা ব্যক্তিগত তিক্ততা তৈরি করে।
তিনি আরও উল্লেখ করেন, অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন এবং ভবিষ্যতে পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে নিজেকে সতর্ক রাখার প্রত্যয় ব্যক্ত করছেন। রাজনীতিতে ঘৃণা না ছড়িয়ে সহনশীলতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এআইএল/সকালবেলা