আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শাস্তির মুখে পাকিস্তানি ওপেনার গুল ফিরোজা
নিজস্ব প্রতিবেদকঃ চলতি নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের ওপেনার গুল ফিরোজা। ক্রিকেটীয় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং শৃঙ্খলাজনিত রেকর্ডে যুক্ত করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে হংকংয়ের বিরুদ্ধে পাকিস্তানের ইনিংসের পঞ্চম ওভারে। প্রতিপক্ষের এক বাঁহাতি স্পিনারের বলে সুইপ শট খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন ফিরোজা। অন-ফিল্ড আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। উক্ত ম্যাচে সিদ্ধান্ত পুনর্বিবেচনার (রিভিউ) ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই তাঁকে প্যাভিলিয়নের পথ ধরতে হয়। তবে সাজঘরে ফেরার পথে তিনি ব্যাটের দিকে ইশারা করে বোঝাতে চান যে বলটি তাঁর ব্যাটে লেগেছিল। মাঠ ত্যাগের সময় তাঁর এমন প্রতিক্রিয়া আম্পায়ারের সিদ্ধান্তকে সরাসরি অমান্য ও অসন্তোষ প্রকাশের শামিল বলে গণ্য হয়।
এই ধরনের আচরণের ফলে আইসিসির আচরণবিধির ধারা ২.৮ ভাঙার অপরাধে গুল ফিরোজাকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ মাসের মধ্যে এটি ফিরোজার দ্বিতীয়বার আচরণবিধি ভঙ্গের ঘটনা। এর ফলে তাঁর ঝুলিতে মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে।
চলতি টি-টোয়েন্টি এশিয়া কাপে ফিরোজার আগে শাস্তি পেয়েছিলেন পাকিস্তান দলের অধিনায়ক ফাতেমা সানা। ভারতের বিরুদ্ধে ম্যাচে শেফালি বর্মাকে আউট করে উইকেটের দিকে অসংবেদনশীল ইঙ্গিত করায় তাঁকেও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেতে হয়েছিল।
উল্লেখ্য, হংকংকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। শেষ চারের লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অন্যদিকে টুর্নামেন্টের অপর সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও ভারত।