মান্দায় টাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি আটক

মান্দায় টাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি আটক

মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) উপজেলার কালিকাপুর ইউনিয়নের হুলিবাড়ি (মোজার মোড়) এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫), আবুল কালাম আজাদ (৩৫)জনি ইসলাম (৩৫)। তারা সবাই স্থানীয় এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজনের নেতৃত্বে একটি চৌকস দল হুলিবাড়ি গ্রামের একটি লিচু বাগানে অভিযান চালায়। সেখানে মাদক কেনাবেচা ও সেবনের সময় এই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের দেহ তল্লাশি করে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের সরঞ্জাম হিসেবে কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটার জব্দ করেছে পুলিশ। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৯০০ টাকা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এমন বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলেও থানা সূত্রে জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন