ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় বিক্ষোভ ও গণ-সমাবেশ করেছেন কৃষক ও সাধারণ মানুষ। ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত পৃথক সমাবেশ থেকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের অপসারণ ও জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে দোয়ারাবাজার উপজেলার পশ্চিম বাংলাবাজার এবং বিকেলে ছাতক উপজেলার জাউয়াবাজারে এই গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কৃষক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাওর রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন থেকেই অনিয়ম শুরু হয়েছে। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে নিম্নমানের কাজ করে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে, যার ফলে বাঁধগুলো টেকসই হচ্ছে না।
সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে উঠে আসে অকাল বৃষ্টিতে বোরো ফসল তলিয়ে যাওয়ার বিষয়টি। বক্তারা দাবি করেন, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়েছে। ফলে সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকায় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এই ক্ষয়ক্ষতির জন্য সরাসরি পাউবো ও প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।
গণ-সমাবেশ থেকে তিনটি প্রধান দাবি পেশ করা হয়: ১. বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িত পিআইসি সদস্য ও কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা। ২. সুনামগঞ্জ থেকে চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করা। ৩. অপরিকল্পিত বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত সরকারি ক্ষতিপূরণ প্রদান করা।
দোয়ারাবাজারের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলার যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ এমরাজ। বিকেলে ছাতকের সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক দিলোয়ার হোসেন। জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ তাঁর বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “হাওর আমাদের জীবন। ফসল রক্ষার নামে যারা পকেট ভারী করছে, তাদের ছাড় দেওয়া হবে না। দ্রুত ব্যবস্থা না নিলে জেলা প্রশাসন ও পাউবো কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, স্বাগত বক্তা আবু তাহের মিসবাহ এবং সঞ্চালনা করেন সুজন তালুকদার। বক্তারা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ