বগুড়ায় সমিতির নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত আলালের মৃত্যু

বগুড়ায় সমিতির নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত আলালের মৃত্যু

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ায় ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখ (৪৬) ওরফে আলাল কসাই মারা গেছেন। 

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) ভোররাত প্রায় ৪টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলাল শেখ বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর পশ্চিম পাড়ার বাসিন্দা এবং সিদ্দিকুর রহমান মেরু কসাইয়ের ছেলে। তিনি সমবায় সমিতির নির্বাচনে ‘হরিণ’ প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ফতেহ আলী বাজারে ভোট দিতে গেলে প্রতিপক্ষের লোকজন আলালকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর লাঠি, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই হামলার ঘটনায় নিহতের বাবা সিদ্দিকুর রহমান মেরু শেখ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ইতিমধ্যে চারজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, নিহত আলাল কসাইয়ের নামে আগে থেকেই বিদ্যুৎ আইন, হত্যা মামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা ছিল। তবে এবারের হত্যাকাণ্ডটি মূলত বাজার সমিতির নির্বাচনী বিরোধের জেরেই ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের মরদেহ এখনো বগুড়ায় পৌঁছায়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরদেহ আসার পর জানাজা ও দাফন সম্পন্ন হবে। এই মৃত্যুকে কেন্দ্র করে ফতেহ আলী বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন