ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাছনিম আলম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কেন্দ্রগুলোর সামনে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে মেইন গেটে তল্লাশি চালিয়ে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো হয়। কোনো ধরনের বিলম্ব এড়াতে অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগেই নিজ নিজ আসনে অবস্থান গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ‘বি’ ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, অনুষদ ভবন, ব্যবসায় অনুষদ ভবন এবং মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
ইবি কেন্দ্রে গুচ্ছ ‘বি’ ইউনিটের সমন্বয়কারী ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, “আমাদের প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এছাড়া মেডিকেল টিমসহ অন্যান্য সেবামূলক টিম কাজ করছে।” তিনি আরও জানান, পরীক্ষার্থী বেশি হওয়ায় এবার আগের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গুচ্ছ পদ্ধতির এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ