গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে বেপরোয়া গতির একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী তেলাপিয়া মাছ ভর্তি একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক বাবুল ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক বিষয় হলো, নিহত বাবুলের বাবা আব্বাস আলীও (আলী হোসেন) ২০০২ সালে একই সড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। বাবার মৃত্যুর ২৪ বছর পর একই পরিণতি বরণ করতে হলো ছেলেকে। নিহত বাবুলের পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর অকাল মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা।

দুপুরে বাবুলের মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাক চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সকাল ১১টা ০৫ মিনিটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাসে সকাল ১১টা ২৫ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয় এবং ১১টা ২৯ মিনিটে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে নিহতের পরিবার কোনো মামলা করতে আগ্রহী নয় জানিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন