ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: ফেনীতে প্রথমবারের মতো কার্ডিওভাস্কুলার বা রক্তনালীর সফল অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে শহরের ট্রাংক রোডস্থ 'রয়েল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে' অত্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ অপারেশন পরিচালনা করা হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. শহীদুল আমিনের নেতৃত্বে একটি চিকিৎসক দল ঘণ্টাদ্দ্যাপী এই জটিল অস্ত্রোপচার সফলভাবে শেষ করেন। বর্তমানে রোগী সম্পূর্ণ সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে ছাগলনাইয়া উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জাহিদুল ইসলাম (২৫) পায়ের সমস্যা নিয়ে ডা. মো. শহীদুল আমিনের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, রোগীর পায়ের রক্তনালী আঁকাবাঁকা হয়ে যাওয়ার কারণে স্বাভাবিক চলাফেরায় প্রচণ্ড বিঘ্ন ঘটছে। এই সমস্যা সমাধানে চিকিৎসক দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি বিকেলে রোগী রয়েল হাসপাতালে ভর্তি হন এবং রাতে ডা. শহীদুল আমিন ও ডা. বাদলের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম ভেরিকোজ ভেইন (Varicose Vein) সমস্যার অত্যাধুনিক সমাধান—রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন ও লেজার ট্রিটমেন্টের মাধ্যমে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন।
চিকিৎসকরা জানান, আগে এই ধরনের অপারেশনের জন্য রোগীর দেহে দুই থেকে তিনটি স্থানে বড় ছিদ্র করার প্রয়োজন হতো। তবে বর্তমানে আধুনিক প্রযুক্তির কল্যাণে এবং সম্পূর্ণ ডুপ্লেক্স মেশিনের গাইডেন্স ব্যবহার করে মাত্র একটি ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমেই রক্তনালীর এই সংযোগ মেরামত করা সম্ভব হয়েছে। এই প্রযুক্তিতে অস্ত্রোপচারের পর রোগী পরদিনই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক। ফেনী রয়েল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম জানান, জেলায় প্রথমবারের মতো এ ধরনের জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করতে পেরে তারা গর্বিত। এর ফলে স্থানীয় রোগীদের ঢাকা বা দেশের বাইরে যাওয়ার ভোগান্তি কমবে এবং সময় ও অর্থ সাশ্রয় হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ