রায়পুরে রোকেয়া হাসমতেন্নেছা বালিকা কলেজে জমজমাট পিঠা উৎসব

রায়পুরে রোকেয়া হাসমতেন্নেছা বালিকা কলেজে জমজমাট পিঠা উৎসব

আমিনুল ইসলাম সিয়াম, স্টাফ রিপোর্টার: বাঙালির হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠাকে নতুন প্রজন্মের মাঝে পরিচিত করতে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনব্যাপী হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। বাহারি সব পিঠার পসরা নিয়ে সাজানো এই উৎসবে মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মাইনুউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওলাদার মো. নুরে আলম জিকু। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন, হায়দরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবদুল আজিজ (লিটন) হাওলাদার, দক্ষিণ গাইয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মো. আরিফুর রহমান হাওলাদার এবং অভিভাবক প্রতিনিধি আরিফুর রহমান রিয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে নকশি পিঠা, চিতই, পুলি, পাটিসাপটা, ভাপা ও দুধি রাজভোগসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব পিঠা প্রদর্শন ও তৈরি করে। আধুনিকতার ভিড়ে গ্রামীণ জনপদের এসব পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রশংসা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পিঠা উৎসব বাঙালির হাজার বছরের লালিত সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে যান্ত্রিক জীবন ও অপসংস্কৃতির প্রভাবে এই ঐতিহ্যগুলো হারিয়ে যেতে বসেছে। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি মমত্ববোধ ও আগ্রহ তৈরি করবে। প্রতি বছর এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শেকড়ের পরিচয় তুলে ধরার আহ্বান জানান তারা। উৎসবকে কেন্দ্র করে পুরো কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন