‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রের সুফল, না বললে বঞ্চিতের শঙ্কা: ফারুক-ই-আজম

‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রের সুফল, না বললে বঞ্চিতের শঙ্কা: ফারুক-ই-আজম

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমেই নাগরিকরা রাষ্ট্রের কাছ থেকে প্রকৃত সুফল ও অধিকার অর্জন করতে পারবেন। অন্যদিকে ‘না’ ভোট দিলে জনগণ রাষ্ট্রীয় অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকবেন বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বগুড়া সদর উপজেলার ফাঁপোর এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মূলত আসন্ন গণভোট বিষয়ে স্থানীয় ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।

উপদেষ্টা ফারুক-ই-আজম তার বক্তব্যে গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে নাগরিকদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আরও সুসংহত হবে। এর ফলে সর্বক্ষেত্রে জনগণ অবাধ স্বাধীনতা ভোগ করার সুযোগ পাবেন। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে এবং শাসনব্যবস্থায় নারীদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে গঠিত বিভিন্ন সংসদের যে সকল কাঠামোগত দুর্বলতা বিদ্যমান ছিল, সেগুলো স্থায়ীভাবে দূর করার লক্ষ্যেই এই ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের আয়োজন করা হয়েছে। এটি কেবল একটি সাধারণ নির্বাচন নয়, বরং রাষ্ট্রের সামগ্রিক চরিত্র ও গতিপথ ইতিবাচকভাবে বদলে দেওয়ার একটি অনন্য সুযোগ।

উপস্থিত জনতাকে সতর্ক করে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের চাবিকাঠি নিজের হাতে রাখার যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন কেউ হাতছাড়া না করেন। বিশেষ করে নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণ প্রজন্মের ভোটাররা এবার প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের ঐতিহাসিক সুযোগ পেয়েছেন। তাই দল-মত নির্বিশেষে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে পুলিশ সুপার শাহাদত হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন