ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ট্রাফিক চেকপোস্টে মব সৃষ্টি করে পুলিশ সদস্যদের হেনস্তা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় টিএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল নিয়মিত ট্রাফিক চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। একটি মোটরসাইকেলের প্রয়োজনীয় নথিপত্র না থাকায় সেটির বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেওয়া হয়। তবে অন্য মোটরসাইকেলটির কাগজপত্র সঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে সেটি ছেড়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে উপস্থিত ব্যবসায়ী মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ দাবি করেন, পুলিশ সদস্য টাকা নিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দিয়েছেন। তাদের এই মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় উৎসুক জনতাকে প্ররোচিত করে একটি কৃত্রিম 'মব' বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়।
একপর্যায়ে অভিযুক্তরা উত্তেজিত লোকজনকে উসকে দিয়ে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালায়। হামলায় টিএসআই আবুল কালাম আজাদসহ তিন পুলিশ সদস্য হেনস্তার শিকার হন। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। হামলায় আহত কনস্টেবল আব্দুল খালেক ও কনস্টেবল আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং মব জাস্টিসের নামে পুলিশের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ