যুক্তরাষ্ট্র নাকি চীন: এআই প্রযুক্তির লড়াইয়ে মিত্রদের স্পষ্ট অবস্থান নিতে ওয়াশিংটনের চাপ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির আধিপত্য ও আধুনিক সামরিক-অর্থনৈতিক ক্ষেত্রে বৈশ্বিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চীনের সাথে চলা তুমুল প্রতিযোগিতায় নিজেদের জোটভুক্ত দেশগুলোকে সরাসরি পক্ষ বেছে নেওয়ার জোর তাগিদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ট্রাম্প প্রশাসনের এক অভ্যন্তরীণ খসড়া চিঠির মাধ্যমে প্রকাশ পায় যে, ওয়াশিংটন মিত্রদের সতর্ক বার্তা দিচ্ছে— তারা যদি বেইজিংয়ের নেতৃত্বাধীন কোনো এআই জোটের অংশ হয়, তবে যুক্তরাষ্ট্রের বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত ইকোসিস্টেম থেকে তাদের চিরতরে বাদ দেওয়া হতে পারে।
'প্যাক্স সিলিকা' ও চীনের পাল্টা উদ্যোগ:
যুক্তরাষ্ট্র গত বছর সেমিকন্ডাক্টর চিপ, উন্নত এআই মডেল এবং এগুলো তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের নিরাপদ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে ‘প্যাক্স সিলিকা’ নামে এক উচ্চপর্যায়ের কূটনৈতিক ও বাণিজ্যিক প্ল্যাটফর্ম চালু করে। এতে কাজাখস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াসহ প্রায় ২৪টি দেশ যুক্ত হয়।
তবে এর পাল্টা জবাবে গত জুলাই মাসে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বিশ্বজুড়ে নিজেদের প্রযুক্তি বাজার ছড়াতে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’ (ডব্লিউএআইসিও) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। কাজাখস্তান একই সাথে দুই পক্ষের জোটে অবস্থান নেওয়ায় ওয়াশিংটনের নীতি-নির্ধারকরা চূড়ান্ত শঙ্কায় পড়েন।
চিঠির কঠোর বার্তা:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি ওই খসড়া চিঠিতে অন্তত ৩৫টি দেশকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, "সবকিছুর অংশ হওয়ার অর্থ হলো আদতে কোনো কিছুরই প্রকৃত অংশ না হওয়া। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা ভাবনার সঙ্গে সাংঘর্ষিক কোনো সমান্তরাল জোটে যুক্ত থেকে মার্কিন অংশীদার হওয়া সম্ভব নয়।"
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেন, "কোনো দেশ একই সাথে চীনের জোটে থেকে মার্কিন হাই-টেক ইকোসিস্টেমের সুবিধা ভোগ করতে পারবে না। তাদের অবস্থান একদম পরিষ্কার করতে হবে।"
চীনা প্রতিক্রিয়া:
অন্যদিকে ওয়াশিংটনে নিয়োজিত চীনা দূতাবাস এই মার্কিন পদক্ষেপের কড়া সমালোচনা করে জানিয়েছে, ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তি ইস্যুতে রাজনৈতিক রূপ দেওয়া ঠিক নয়। এতে পুরো বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার সামগ্রিক অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ওপেনএআই এবং অ্যানথ্রপিকের তৈরি মার্কিন এআই চিপের বাজারকে কোণঠাসা করতে চীন তাদের উন্মুক্ত ‘ওপেন-ওয়েট’ মডেল উপহার দিয়ে এশীয় ও মধ্য এশিয়ার বাজার দখলে বেশ দ্রুত এগোচ্ছে, যার জবাবেই এখন এমন কঠোর পথ বেছে নিয়েছে মার্কিন প্রশাসন।
|