বাগেরহাটে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস এমপি রাহাদের

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
বাগেরহাটে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস এমপি রাহাদের

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বাগেরহাটের ধানসিঁড়ি কনফারেন্স রুমে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিষয়সমূহের বাস্তবায়ন ও জবাবদিহিতা, ফলোআপ সভা’-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রাহাদ বলেন, "বাগেরহাটের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন, তাই এলাকার সার্বিক উন্নয়ন ও সেবা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। নির্বাচনের আগের সমস্যা ও দাবিগুলো চিহ্নিত করা হয়েছে, এখন সেগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।"

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষিবিদ, সমাজসেবা কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীভাঙন, সুপেয় পানির সংকট, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, খাস পুকুর পুনঃখনন ও যুব সমাজের কর্মসংস্থানসহ বিভিন্ন স্থানীয় সংকট মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন