সৌদি সিনেমায় ফিরছে সালমান-সঞ্জয় জুটি, সঙ্গে মনিকা বেলুচ্চি

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
সৌদি সিনেমায় ফিরছে সালমান-সঞ্জয় জুটি, সঙ্গে মনিকা বেলুচ্চি
সৌদি ছবি ‘সেভেন ডগস’-এর প্রচার ঝলকে সালমান খান ও সঞ্জয় দত্ত।

অনলাইন ডেস্ক: বলিউডের অন্যতম দুই জনপ্রিয় ও প্রভাবশালী সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্তকে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখতে পাওয়ার প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তবে এবার কোনো ভারতীয় ভাষার সিনেমায় নয়, বরং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের হাই-ভোল্টেজ অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এ অভিনয় করছেন তাঁরা।

বিনোদনবিষয়ক আন্তর্জাতিক পোর্টাল ‘বলিউডলাইফ ডটকম’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করা সিনেমাটির অফিসিয়াল টিজার ও প্রচার ঝলক উন্মোচিত হয়েছে। প্রকাশিত সেই ঝলকে সালমান ও সঞ্জয়ের নির্দিষ্ট চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানানো হলেও, পর্দায় তাঁদের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে সিনেমার কেন্দ্রীয় গল্পে তাঁদের অত্যন্ত শক্তিশালী ভূমিকা রয়েছে।

অ্যাকশন ঘরানার ‘বাডি-কপ’ ধারণার ওপর ভিত্তি করে নির্মিত ‘সেভেন ডগস’ সিনেমাটি পরিচালনা করছেনখ্যাত পরিচালক জুটি আদিল এল আরবি এবং বিলাল ফল্লাহ। আন্তর্জাতিক তারকাবহুল এই প্রজেক্টের আরেকটি বড় চমক হলো, এর মাধ্যমে প্রথমবার কোনো সৌদি চলচ্চিত্রে পা রাখছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। এ ছাড়া এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিসরের তারকা অভিনেতা আহমেদ এজ ও করিম আবদেল আজিজ। মূল গল্পটি একটি ভয়ংকর আন্তর্জাতিক অপরাধী চক্র এবং তাদের দমনের দুঃসাহসিক মিশন কেন্দ্র করে গড়ে উঠেছে।

উল্লেখ্য, রূপালি পর্দায় সালমান খান ও সঞ্জয় দত্ত জুটির রসায়ন বহু পুরোনো ও জনপ্রিয়। এর আগে তাঁরা নস্টালজিক রোমান্টিক ছবি ‘সাজন’ (১৯৯১), কমেডি ও ড্রামাভিত্তিক ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘যে হ্যায় জলওয়া’ (২০০২)-র মতো সুপারহিট সিনেমায় একসঙ্গে পর্দায় জাদু দেখিয়েছেন। এর বাইরে সর্বশেষ তাঁরা জনপ্রিয় সংগীতশিল্পী এপি ঢিল্লোঁর বহুল আলোচিত গান ‘ওল্ড মানি’-র অফিসিয়াল মিউজিক ভিডিওতেও এক ফ্রেমে ধরা দিয়েছিলেন।

মন্তব্য করুন