শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ সাপের হানা, উদ্ধার বন দপ্তরের

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ
শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ সাপের হানা, উদ্ধার বন দপ্তরের
মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এর সামনের দৃশ্য।

অনলাইন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বইয়ের ঐতিহ্যবাহী বাসভবন ‘মান্নাত’-এ দুটি বিষহীন সাপ ঢুকে পড়ার পর তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে বাংলো প্রাঙ্গণে সাপগুলোর উপস্থিতি দেখতে পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী দল ও বন দপ্তরে খবর দেওয়া হয়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৭ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় স্নেক ক্যাচার ও উদ্ধারকারী ভিকি দুবেকে ‘মান্নাত’ থেকে জরুরি ফোন দেওয়া হয়। খবর পাওয়ার পরপরই তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তীতে বন দপ্তরের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলও সেখানে যুক্ত হয়।

‘মান্নাত’-এর সীমানায় অনুসন্ধান চালিয়ে উঠানের বাইরের একটি সিঁড়ির নিচে বিশালাকার একটি সাপকে লুকিয়ে থাকতে দেখেন উদ্ধারকারীরা। প্রায় আট ফুট লম্বা ওই সাপটিকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয় দলটি। পরে বন দপ্তরের সূত্র নিশ্চিত করে যে, উদ্ধার হওয়া সাপটি বিষধর ছিল না।

তবে প্রথম সাপটি উদ্ধারের পরপরই দ্বিতীয় আরেকটি সাপের উপস্থিতি লক্ষ্য করা গেলেও উদ্ধারকাজ চালুর আগেই সেটি চত্বর থেকে পালিয়ে যায়। ফলে বাংলোর নিরাপত্তাকর্মী ও কর্মীদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়। পরবর্তীতে বন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত কর্মীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

বাংলোর উচ্চ নিরাপত্তাবেষ্টনী থাকা সত্ত্বেও সাপ দুটি কীভাবে প্রাঙ্গণে প্রবেশ করল, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। এ ছাড়া ঘটনার সময় অভিনেতা শাহরুখ খান কিংবা তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন কি না, তা-ও জানা যায়নি।

উল্লেখ্য, মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সমুদ্রের তীর ঘেঁষে অবস্থিত এই ‘মান্নাত’ শুধু শাহরুখ খানের ঠিকানা নয়, বরং বিশ্বজুড়ে তাঁর কোটি ভক্তদের কাছে অন্যতম দর্শনীয় স্থান। এর আগে চলতি বছরের শুরুর দিকে একই এলাকার পার্শ্ববর্তী বলিউড তারকা সালমান খানের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ থেকেও একটি সাপ উদ্ধার করা হয়েছিল।

মন্তব্য করুন