বেরোবি ও রংপুর চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ
বেরোবি ও রংপুর চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আবু রায়হান, রংপুর ব্যুরো: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (RCCI)-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়, শিক্ষার্থী উন্নয়ন এবং শিল্প-শিক্ষা সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক এবং RCCI-এর সভাপতি এমদাদুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বক্তব্যে একাডেমি ও ইন্ডাস্ট্রির যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল পুথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান করা সময়ের দাবি। রংপুর চেম্বারের সঙ্গে এই যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এমন সহযোগিতা আরও সম্প্রসারিত করা হবে।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুর আলম সিদ্দিক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. আপেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং RCCI-এর পরিচালক রশিদুল সুলতান বাবলু, পরিচালক কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই সমঝোতার মাধ্যমে শিক্ষা ও শিল্পখাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে, যা শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক কাজের অভিজ্ঞতা অর্জন ও পেশাগতভাবে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে সহায়ক হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন