ঈদগাঁওয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টা

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ
ঈদগাঁওয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টা

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আদালতের জারি করা ১৪৪ ধারার নির্দেশ অমান্য করে এক প্রবীণের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বিরোধীয় জমিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আদালতে মামলা দায়েরের পর বর্তমানে ওই বয়োবৃদ্ধ ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। 

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বোমালখালী গ্রামের বাসিন্দা প্রবীণ নুরুল আলম (পিতা: মোহাম্মদ ইসহাক) বাদী হয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন (মামলা নং- ৫৫২/২০২৬, ধারা: ১৪৪)। মামলায় স্থানীয় বদরুল ইসলামসহ (পিতা: মৃত আব্দুল হাকিম) ৭ জনকে বিবাদী করা হয়েছে।

নথিপত্রে উল্লেখ করা হয়, বিতর্কিত জমিটি বর্তমানে প্রথম পক্ষ নুরুল আলমের বৈধ দখলে রয়েছে এবং জমির যাবতীয় কাগজপত্র তাঁর পক্ষেই রয়েছে। তা সত্ত্বেও বিবাদী পক্ষ জবরদস্তিমূলকভাবে জমিটি দখলের পাঁয়তারা চালাচ্ছে, যার ফলে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা দেখা দিয়েছে।

বিষয়টি বিবেচনায় নিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। আদেশে কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি)-কে সরেজমিনে তদন্তপূর্বক আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিরোধীয় স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ভুক্তভোগী নুরুল আলমের অভিযোগ, আদালতের সুনির্দিষ্ট আদেশ থাকা সত্ত্বেও বিবাদী পক্ষ মহড়া চালিয়ে জমি দখলের চক্রান্ত অব্যাহত রেখেছে। প্রতিপক্ষের সার্বক্ষণিক হুমকি-ধমকিতে পুরো পরিবার নিয়ে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে তিনি স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন