সৌদিতে ট্যাংকারচাপায় কটিয়াদীর রুবেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ
সৌদিতে ট্যাংকারচাপায় কটিয়াদীর রুবেলের মর্মান্তিক মৃত্যু

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমানো রুবেল মিয়ার (৩০) জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। সৌদি আরবের মাটিতেই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই বাংলাদেশি যুবক।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সৌদি আরবের জিজান শহরে কাজ করার সময় একটি চালকবিহীন বা দ্রুতগামী ট্যাংকারের চাপায় ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।

নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. কাজল বেপারীর ছেলে। তিনি স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অভাব-অনটন দূর করার লক্ষ্যে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে প্রায় এক বছর আগে সৌদি আরবে যান রুবেল। সেখানে তিনি ফ্রি ভিসায় বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতের বন্ধু রানা জানান, মঙ্গলবার জিজান শহরে ডিউটিতে থাকা অবস্থায় একটি ট্যাংকার তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

রুবেলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তাঁর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও একমাত্র সন্তান চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

নিহতের স্ত্রী রিমা আক্তার আহাজারি করে বলেন, "আমার স্বামী আর কোনোদিন ফিরে আসবেন না—এই সত্য মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি সরকারের কাছে দাবি জানাই, তাঁর মরদেহটি যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে আমাদের শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হয়।"

মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন