রাজশাহীতে মনোসামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে ‘মনোসামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব। এ সময় আরএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, পুলিশ কেবল আইন-শৃঙ্খলার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং নানামুখী সামাজিক ও পারিবারিক জটিলতা নিরসনেও পুলিশকে ভূমিকা রাখতে হয়। থানায় সেবা নিতে আসা মানুষ প্রায়শই মানসিক ট্রমা বা অস্থিরতায় থাকেন উল্লেখ করে তিনি বলেন, সেবা প্রত্যাশীদের মনস্তাত্ত্বিক অবস্থা বুঝে পুলিশ সদস্যরা যদি সহানুভূতিশীল আচরণ করেন, তবে জনগণের আস্থা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি আরও সুদৃঢ় হবে।
মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কর্মঘণ্টা ও পেশাগত মানসিক চাপের কথা তুলে ধরে কমিশনার বলেন, সার্বক্ষণিক দায়িত্বপালনের ফলে মানসিক চাপ ও আত্মঘাতী প্রবণতা রোধে মনোসামাজিক সহায়তা অত্যন্ত জরুরি। বর্তমান প্রজন্মের মানসিক সংকট মোকাবিলায় ইমোশনাল ইন্টেলিজেন্স ও কাউন্সেলিংয়ের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের এ বিষয়ে আরও দক্ষ ও সচেতন হওয়ার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা
|