মেলান্দহে বিদ্যালয়ের প্রজেক্টর চুরি, ২০ দিনেও ধরা পড়েনি চোর

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ণ
মেলান্দহে বিদ্যালয়ের প্রজেক্টর চুরি, ২০ দিনেও ধরা পড়েনি চোর

বিশেষ প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের আটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি প্রজেক্টর চুরির ঘটনা ঘটেছে। ঘটনার দীর্ঘ ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ চোর শনাক্ত কিংবা প্রজেক্টরটি উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

গত ২ জুলাই আটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদা পারভীন ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় একদল চোর বিদ্যালয়ের অফিস কক্ষের প্রবেশপথের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা অফিস কক্ষে থাকা প্রজেক্টরটি চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে খবর পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের ভাষ্যমতে, আটাবাড়ী গ্রামের ইতিহাসে কোনো বিদ্যালয়ে চুরির ঘটনা এটিই প্রথম। তাঁদের ধারণা, এলাকার মাদকসেবী বা অপরাধচক্রের কেউ এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। লিখিত অভিযোগের ২০ দিন অতিবাহিত হলেও পুলিশের কার্যকর কোনো দৃশ্যমান পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদা পারভীন জানান, চুরির বিষয়টি সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও মেলান্দহ থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং আসামিদের শনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া সরকারি সম্পদ প্রজেক্টরটি উদ্ধারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন