উজিরপুরে ৭৫ লাখের সড়ক দুই মাসেই বেহাল, উঠছে পিচ-পাথর
সাঈদ পান্থ, বরিশাল: উদ্বোধনের দুই মাসও পার হয়নি, এরই মধ্যে উঠে যাচ্ছে পিচ ও পাথর। কোথাও তৈরি হয়েছে খানাখন্দ, আবার কোথাও দেবে গেছে সড়কের পাশ। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন সড়কের এমন জরাজীর্ণ অবস্থায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দারা।
উপজেলার হারতা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারের এই সড়ক নির্মাণে ব্যয়ে হয় ৭৪ লাখ ৯৯ হাজার টাকা। মেসার্স তাসমিয়া এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করে।
স্থানীয়দের অভিযোগ, ভারী যানবাহন চলাচল না করা সত্ত্বেও দুই মাস না যেতেই অন্তত ৫-৬টি স্থানে পিচ-পাথর উঠে গেছে। সরেজমিনে একাধিক স্থানে ছোট ছোট গর্ত তৈরি হতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং দায়িত্বরত প্রকৌশলীর সঠিক তদারকির অভাবই এই অবস্থার জন্য দায়ী। উজিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী সুব্রত রায় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. মহিউদ্দিন জানান, বৃষ্টির পানি জমার কারণে কয়েকটি স্থানে সাময়িক ক্ষতি হয়েছে। বৃষ্টি কমলে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়া হবে।
তবে গ্রামবাসীর প্রশ্ন, সাধারণ বৃষ্টিতেই যদি ৭৫ লাখ টাকার নতুন সড়ক নষ্ট হয়ে যায়, তবে নির্মাণকাজের স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন থেকে যায়। কেবল দায়সারা মেরামত নয়, সড়কের উপকরণ পরীক্ষা করে কাজের মান তদন্ত এবং গাফিলতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এআইএল/সকালবেলা
|