সুবর্ণচরে ব্র্যাককর্মী, গৃহবধূ ও শিশুসহ ৩ জনের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
সুবর্ণচরে ব্র্যাককর্মী, গৃহবধূ ও শিশুসহ ৩ জনের মৃত্যু

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে পৃথক ৩টি ঘটনায় এক ব্র্যাককর্মী, গৃহবধূ ও ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারে ব্র্যাকের শাখা কার্যালয়ের গেস্ট রুম থেকে দাউদুল ইসলামের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত দাউদুল ফেনী সদর উপজেলার এলাহীগঞ্জ বাজারের আবুল কালামের ছেলে এবং ওই শাখায় কর্মসূচি সহকারী (পিএ) পদে কর্মরত ছিলেন। আগের রাতে শরীর খারাপের কথা বলে অফিসের গেস্ট রুমে যান তিনি। পরদিন সকালে পিয়ন চাবি আনতে গিয়ে সিলিংয়ের সাথে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

অপর ঘটনায়, চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামে গলায় ফাঁস দেন তামান্না আক্তার (২৩) নামে এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় তাঁর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের রিপনের স্ত্রী।

এদিকে, উপজেলার চরআমানউল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে হামিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে জসিম উদ্দিনের ছেলে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ব্র্যাককর্মী ও গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আর নিহত শিশুটির মরদেহ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন