২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেলেন বৈছাআ নেতা মাহদী
মোঃ ইউসুফ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ সদর থানায় দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ও তাঁর দুই সহযোগী।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মুচলেকা গ্রহণ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।
ভুক্তভোগী মাহদী হাসান জানান, বিদ্যুৎ, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে একটি মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে পুলিশ আটক করে। এর প্রতিবাদ জানালে পুলিশ তাঁকেও আটক করে থানায় নিয়ে যায় এবং ২১ ঘণ্টা আটকে রাখে।
মাহদীর বাবা মৌলভী তৈয়ব আলী জানান, মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে তাঁর ছেলেকে মুক্তি দেওয়া হলেও মুচলেকার বিষয়বস্তু সম্পর্কে পুলিশ স্বজনদের স্পষ্ট কিছু জানায়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই তাঁদের হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে মুচলেকা সাপেক্ষে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা
|