কুষ্টিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ১৪ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একরাম মোল্লা (৭৪) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ৩টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত একরাম মোল্লা ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকালে ভুক্তভোগী মানসিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন একরাম মোল্লা। পরবর্তীতে কিশোরী বিষয়টি তার মাকে জানালে ভেড়ামারা থানায় একরামকে আসামি করে মামলা দায়ের করা হয়। ২০২০ সালের ৩০ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলহাজ্জ মোঃ আব্দুল মজিদ জানান, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে এই সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন