নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় 'ভুল' অভিনেত্রী অন্তরা ব্যানার্জি

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় 'ভুল' অভিনেত্রী অন্তরা ব্যানার্জি

বিনোদন ডেস্ক: ভারতে অরাবলী এক্সপ্রেসের সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরায় ব্লেড নিয়ে ট্রেনের নিরাপত্তা কর্মীদের (আরপিএফ) ওপর হামলার অভিযোগে ঠাণের বাসিন্দা ও মডেল অন্তরা সোহম ব্যানার্জি গ্রেপ্তার হওয়ার পর চরম নামবিভ্রাটের মুখে পড়েছেন দূরদর্শনের পরিচিত মুখ ও অভিনেত্রী অন্তরা ব্যানার্জি। একই নামের মিল থাকায় সংবাদের প্রথম দিকে ভুলবশত নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে অভিনেত্রীর নাম।

পরবর্তীতে তথ্য যাচাই করে স্পষ্ট করা হয়, এ অপ্রীতিকর ঘটনার সঙ্গে বলিউড ও টেলিভিশন অভিনেত্রী অন্তরার কোনো দূরতম সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

যে ঘটনার সূত্রপাত:ঘটনার সূত্রপাত গত ১২ আগস্ট। অরাবলী এক্সপ্রেসের সাধারণ স্লিপার ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনের সংরক্ষিত এসি কামরায় উঠে পড়েন ৩১ বছর বয়সী মডেল অন্তরা সোহম ব্যানার্জি। টিটিই ও আরপিএফ কর্মীরা বাধা দিতে গেলে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে ওই মডেল ব্লেড দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে।

রোববার (১৬ আগস্ট) ঘটনাটি আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদমাধ্যমে শিরোনাম হলে অভিযুক্তের নামের জায়গায় 'অন্তরা ব্যানার্জি' প্রচার হওয়ায় বিভ্রান্তি ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে সংবাদ মাধ্যমকে অভিনেত্রীর দলের পক্ষ থেকে জানানো হয়, ট্রেনে চড়াও হওয়া নারী ও অভিনেত্রী দুজন আলাদা ব্যক্তি। এফআইআরে অভিযুক্ত ব্যক্তির নাম স্পষ্টভাবে 'অন্তরা সোহম ব্যানার্জি' লেখা রয়েছে।

কে এই অভিনেত্রী অন্তরা ব্যানার্জি?

বিনোদন জগতে অভিনেত্রী অন্তরা ব্যানার্জির পদচারণা বেশ পুরনো ও প্রশংসিত। একতা কাপুরের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘কাসৌটী জিন্দেগী কী’-তে অভিনয়ের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিতি পান। এছাড়া ‘সাবধান ইন্ডিয়া’, ‘লাল ইশ্‌ক’ এবং ‘গুমরাহ্: এন্ড অফ ইনোসেন্স’-এর মতো জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজে কাজ করেছেন তিনি।

২০১৪ সালে ‘দ্য শৌকীন্স’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার পর ২০২৫ সালে প্রকাশিত ‘দ্য লাস্ট শো’-তেও অভিনয় দক্ষতার সাক্ষর রেখেছেন এই বাঙালি কন্যা। অভিনয়ের পাশাপাশি অন্তরা ১৫ বছর ধরে তালিম নেওয়া একজন পেশাদার কত্থক নৃত্যশিল্পী ও প্রশিক্ষিত শাস্ত্রীয় সংগীতশিল্পী।

এদিকে ট্রেনে বিশৃঙ্খলা ও হামলার ঘটনায় অভিযুক্ত মডেল অন্তরা সোহম ব্যানার্জি পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আর পুরো বিষয়টি স্পষ্ট হওয়ায় সাময়িক বিরম্বনা থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী অন্তরা।

মন্তব্য করুন