দিনাজপুরে ভূমি অফিসে তহশিলদারসহ আটক ৩

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
দিনাজপুরে ভূমি অফিসে তহশিলদারসহ আটক ৩

বিশেষ প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায়ের নামে অতিরিক্ত টাকা ও ঘুষ নেওয়ার অভিযোগে তহশিলদার, অফিস সহকারী ও এক দালালকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মাহমুদ হাসান (৪৬), অফিস সহকারী শাহজাহান আলী (৫০) এবং দালাল আব্দুর রহিম (৪৮)।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচকড়ি গ্রামের শরিফ উদ্দিনের ৮০ শতক জমির ভূমি উন্নয়ন কর বাবদ ১৯ হাজার ৭২০ টাকা পরিশোধের জন্য একটি নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর তাঁর মেয়ে সুরাইয়া আক্তার সোমবার কর পরিশোধ করতে অফিসে যান। সেখানে তহশিলদার তাঁর কাছ থেকে ৭ হাজার টাকা আদায় করেন এবং বাকি ১২ হাজার টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু পরে সুরাইয়াকে দেওয়া রশিদে ভূমি উন্নয়ন কর বাবদ মাত্র ৭৩৮ টাকা উল্লেখ দেখলে তাঁর সন্দেহ হয়।

বিষয়টি নিয়ে সুরাইয়া প্রতিবাদ ও চিৎকার শুরু করলে আশপাশের সেবাগ্রহীতা ও স্থানীয়রা এগিয়ে এসে ঘটনা জানতে পারেন। এতে উত্তেজিত জনতা অভিযুক্তদের অবরুদ্ধ করেন এবং উত্তম-মধ্যম দিয়ে আটক করে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গেছে। ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা যাচাই করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন