বসুন্ধরায় অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ
বসুন্ধরায় অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সকালবেলা অনলাইন: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে উদীয়মান মডেল ও ছোট পর্দার অভিনেত্রী রিধিকা রিধির (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে ঘরের ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে স্বজন ও বন্ধুরা ঝুলন্ত অবস্থা থেকে রিধিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা। পরিবারের বরাতে পুলিশ জানায়, এক যুবকের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে তাঁর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তুমুল কথাকাটাকাটি হয়। স্বজনদের দাবি, সেই বাকবিতণ্ডার একপর্যায়ে ভিডিও কল চালু রেখেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।

ওসি মাজহারুল ইসলাম বলেন, "পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভিডিও কলে থাকা সেই ব্যক্তি ও ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।"

উল্লেখ্য, ছোট পর্দায় মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করা রিধিকা বেশ কয়েকটি একক নাটকে অভিনয় করে নজর কাড়েন। তাঁর অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে 'এখানে মানুষ বিক্রি হয়', 'বহুরূপী', 'ডাবল হানিমুন' ও 'সুন্দরী'।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন