গাজীপুরে যুবককে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ
মো. জাহিদুর রহমান, গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরের সদর থানাধীন গাজরিয়াপাড়া এলাকায় শারিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতের মা শরিফা আক্তার বাদী হয়ে তানিম (২৫), আবু রহিম খন্দকার ও তানিয়া বেগমসহ কয়েকজনকে অভিযুক্ত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ইলেকট্রনিক পণ্য ব্যবসায়ী শারিফুলকে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সরবরাহে সহায়তার জন্য চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গত ১০ আগস্ট রাতে বৈদ্যুতিক পণ্যের কথা বলে তানিম তাঁকে বাড়ির তিনতলার ছাদে ডেকে নিয়ে যায়। সেখানে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ও চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে লোহার পাইপ দিয়ে নির্মমভাবে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে হত্যার উদ্দেশ্যে তাঁকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে পরিবার দাবি করে।
এদিকে ঘটনার পর মামলা না করতে আহত যুবকের পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। পরে স্থানীয়দের পরামর্শে পরিবারটি থানায় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা
|