সুন্দরগঞ্জে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘একরামুল হক গ্রীন ফাউন্ডেশন’।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাঃ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু ও সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাহজাহান, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের আলম, শিক্ষক মো. আলমগীর হোসেন, অভিভাবক মো. আবদুর রউফ মিয়া এবং কৃতি শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম লগ্ন ও ঈসা আহমাদ আতিক বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে চলতি বছর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী দুই শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন