২ লাখের কাজে ৭০ হাজার টাকা কমিশন!
মেহেদী মাছুম, রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ২ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ৭০ হাজার টাকা কমিশন কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আফসার উদ্দিনের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ওই সচিবের দাবি, টাকাটি অনিয়মের মাধ্যমে নয়, সদস্যদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই নেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের বেশ কয়েকজন নারী ও পুরুষ সদস্যের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।
ইউপি সদস্য আবুল হাসেম ও ফাতেমা বেগম অভিযোগ করে জানান, প্রকল্পের কাজের জন্য বরাদ্দ ছিল মাত্র ২ লাখ টাকা। সেখান থেকে যদি ইউপি সচিব একাই ৭০ হাজার টাকা কমিশন কেটে নেন, তবে মূল প্রকল্পের টেকসই উন্নয়ন কীভাবে সম্ভব?
তবে অভিযোগের বিষয়ে ইউপি সচিব আফসার উদ্দিন জানান, কোনো জোরজবরদস্তি বা অনিয়ম করে টাকা নেওয়া হয়নি; ইউপি সদস্যদের সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এই টাকা নেওয়া হয়েছে।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার জানান, বিষয়টি তিনি অবহিত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|