ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা: আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘অটো ফাইন সিস্টেম’।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এই অত্যাধুনিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ চালুর মাধ্যমে মহাসড়কে চাঁদাবাজির সুযোগ কমার পাশাপাশি ট্রাফিক আইন প্রয়োগে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। মানুষের সরাসরি হস্তক্ষেপ কমিয়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানোই সরকারের লক্ষ্য।"
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটারজুড়ে মোট ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা বসানো হয়েছে। দ্রুতগতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, নিষিদ্ধ থ্রি-হুইলার এবং উল্টো পথে গাড়ি চালানোর মতো অপরাধগুলো এসব ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে।
আইন লঙ্ঘন হলে সঙ্গে সঙ্গেই নিবন্ধিত গাড়ির মালিকের মোবাইলে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানা পৌঁছে যাবে, যা পরবর্তীতে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|