ভাঙ্গায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে নাফিস শেখ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু সুমন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিস শেখ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ও ইউপি সদস্য জুলহাস মেম্বারের নাতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নাফিস ও তাঁর বন্ধু সুমন একটি মোটরসাইকেলে চড়ে বিশ্বরোড এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশের আইল্যান্ড বা রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাফিসের মৃত্যু হয় এবং সঙ্গে থাকা সুমন গুরুতর আহত হন। উদ্ধারকারীরা আহত সুমনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।
নাফিসের অকাল মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে হাজরাকান্দা গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্বরোড এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা বাড়ায় প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটছে। সড়কে দুর্ঘটনা রুখতে চালকদের সচেতনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এআইএল/সকালবেলা
|