নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের প্রাক্তন র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ (৩৫), যিনি ‘বালেন’ নামে পরিচিত, দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবন শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তাকে শপথ বাক্য পাঠ করান। বালেন শাহ নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং মাধেসি সম্প্রদায় থেকে এই শীর্ষ পদে আসা প্রথম ব্যক্তি।

চলতি মাসের ৫ তারিখে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বালেন্দ্র শাহ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) প্রার্থী হিসেবে ঝাপা-৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে বিশাল ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন। শাহের এই উত্থান নেপালের রাজনীতিতে দীর্ঘদিনের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং প্রথাগত এলিট শাসনের বিরুদ্ধে জনগণের তীব্র অসন্তোষ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। শপথ নেওয়ার আগে তিনি ‘জয় মহাকালী’ শিরোনামে একটি আশাব্যঞ্জক গান প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্ম নেওয়া শাহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরবর্তীতে ভারতের কর্ণাটক থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৩ সালে জনপ্রিয় র‍্যাপ ব্যাটলে জয়ী হয়ে তিনি প্রথম আলোচনায় আসেন। তার গানগুলোতে প্রায়ই দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কঠোর সমালোচনা ফুটে ওঠে।

২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভূমিধস বিজয় লাভ করে তিনি রাজনৈতিক চমক সৃষ্টি করেন। মেয়র থাকাকালীন শহর পরিচ্ছন্নতা, ঐতিহ্য সংরক্ষণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে তার সাহসী ভূমিকা দেশজুড়ে প্রশংসিত হয়। গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের আহ্বান জানালেও তিনি নির্বাচনের মাধ্যমে পূর্ণ মেয়াদে ক্ষমতায় আসার পথ বেছে নিয়েছিলেন।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট, আল জাজিরা, এপি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন