ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া) : উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (২৭ মার্চ ) সকালে পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রস্তাবিত স্থানের সার্বিক দিক ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "এই আঞ্চলিক কেন্দ্র বাস্তবায়িত হলে রাজশাহী ও রংপুর বিভাগের লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। আমাদের লক্ষ্য উচ্চশিক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা।" তিনি এই প্রকল্পের দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জানা গেছে, প্রস্তাবিত এই আঞ্চলিক কেন্দ্রের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে একটি আধুনিক টিচার্স ট্রেনিং সেন্টার (TTC)। যেখানে উত্তরবঙ্গের কলেজ পর্যায়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এক ইতিবাচক পরিবর্তন আসবে বলে শিক্ষাবিদগণ আশা করছেন।
বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষকদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ ও সনদের ভুল সংশোধনসহ নানা প্রশাসনিক কাজের জন্য ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে যেতে হয়। এতে সময়, অর্থ এবং শ্রম—সব দিক থেকেই চরম ভোগান্তি পোহাতে হয়। মহাস্থানে এই কেন্দ্রটি চালু হলে এই বিশাল অঞ্চলের মানুষের এসব কার্যক্রম স্থানীয় পর্যায়েই সম্পন্ন করা সম্ভব হবে।
ঐতিহাসিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মহাস্থানে এই কেন্দ্র স্থাপন কেবল প্রশাসনিক সহজীকরণই নয়, বরং উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ