বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে চালক নিহত, আহত ৩

বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে চালক নিহত, আহত ৩

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর : নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক চালক নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ মার্চ ) ভোর ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার বোয়ালমাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২২-২২৯২) বড়াইগ্রামের থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৮-৪৬৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাগর হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় প্রাইভেটকারের যাত্রী নোমান তরফদার (ত্রিশাল, ময়মনসিংহ) গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এছাড়াও আরও দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মনির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন