গফরগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

গফরগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে আলম মিয়া (৩০) নামে এক যুবককে প্রতিপক্ষের বাড়িতে আটকে রেখে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার পড়শীপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলম মিয়ার সঙ্গে প্রতিবেশী আমান মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার বিকেলে সেই বিরোধ নতুন করে চরম উত্তেজনায় রূপ নেয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে আলম মিয়া প্রতিপক্ষের এক নারী সদস্যকে মারধর করেন। এর জেরে ক্ষুব্ধ হয়ে আমান মিয়া ও তাঁর স্বজনরা আলম মিয়াকে জোরপূর্বক ধরে নিজেদের বাড়িতে নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাঁকে নির্মমভাবে মারধর করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন: ১. আব্দুল কাদের (৫৫) ২. মাজহারুল (৩০) ৩. ইমরান ইসলাম (২৫)

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সাথে জড়িত তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর পড়শীপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন