কালিয়াকৈরে আ.লীগ নেতাকর্মীদের পুষ্পস্তবক, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

কালিয়াকৈরে আ.লীগ নেতাকর্মীদের পুষ্পস্তবক, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে কড়া নিরাপত্তা বেষ্টনী এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৭ মার্চ) এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এরপর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের পরবর্তী ধাপে স্বাধীনতা দিবসের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শিত হয়।

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সুযোগ বুঝে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন উঠছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এড়িয়ে কীভাবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মকাণ্ড পরিচালনা করলেন। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝেও নানা গুঞ্জন ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “খুব সকাল থেকেই স্মৃতিসৌধ এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কখন এবং কীভাবে সেখানে এসে পুষ্পস্তবক অর্পণ করল, বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। দায়িত্বে কোনো গাফিলতি ছিল কি না তাও তদন্ত করা হবে।”

কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, ভাইরাল হওয়া ছবি ও ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন