ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (উপসচিব ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট) জনাব আরিফ-উজ-জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিক উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান বলেন, "বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে তাঁরা নিজেদের এবং পরিবারের মায়া ত্যাগ করে জীবন বাজি রেখে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয়।"
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বলেন, "শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। যাঁরা বেঁচে আছেন, তাঁদের যেমন যথাযথ সম্মান দিতে হবে, তেমনি শহীদ পরিবারের পাশেও আমাদের দাঁড়াতে হবে। তাঁরা যেন অভিভাবকের অভাব বোধ না করেন, সেদিকে খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব।" তিনি সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি শহীদ পরিবারের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্বরূপ আর্থিক সহযোগিতার চেক তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তাঁরা এই উদ্যোগের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ