ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রুপম চাকমা, দীঘিনালা (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ২টা ৫০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে ব্যবসায়ীদের অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে জুতা, কসমেটিকস, তৈরি পোশাক, সেলুন, ফার্মেসি ও স্বর্ণের দোকান রয়েছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা মালামাল সরানোর সুযোগ পাননি।
খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনতা। তবে বাজারে পানির উৎসের সংকট থাকায় আগুন নেভাতে বেশ বেগ পোহাতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বোয়ালখালী নতুন বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর জানান, "আগুনে ৩৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে অসহায় ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে।"
দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, "আমরা রাত ৩টায় আগুন নির্বাপণ কাজ শুরু করি। দীর্ঘ প্রচেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে।"
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে হাহাকার ও শোকের ছায়া নেমে এসেছে। অনেক ব্যবসায়ী তাঁদের সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ